কুড়িগ্রামের ফুলবাড়ীতে গরুর পচা মাংস বিক্রি, ব্যবসায়ীকে অর্থদণ্ড
আনোয়ার সাঈদ তিতু,
কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় গরুর পচা মাংস বিক্রির দায়ে মোঃ ইকরামুল হক নামে মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এদিন পচা মাংস বিক্রি করা সময় বিকেল অভিযান চালিয়ে মোঃ ইকরামুলকে হাতেনাতে আটক করা হয়।
পরে বিকেল ৫টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অভিযানকালে ফুলবাড়ী উপজেলা ভেটেরিনারি সার্জন মোঃ গোলাম মওদুদ আহমেদ ও ফুলবাড়ী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। জানা গেছে, দণ্ডপ্রাপ্ত মোঃ ইকরামুল হক কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, বিক্রির জন্য রাখা মাংস থেকে দুর্গন্ধ ছড়ালে এলাকাবাসীর সন্দেহ হয়।
পরে তারা মাংস বিক্রেতাকে আটক করে প্রশাসনকে খবর দেন। এরপর ঘটনাস্থলে গিয়ে প্রশাসন পচা মাংস বিক্রির সত্যতা পায়। পরে জব্দ করা পচা মাংস জনসম্মুখে ধ্বংস করে মাটিতে পুঁতে ফেলা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, রমজানে বাজার তদারকি জোরদার করা হয়েছে এবং ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করায় তাকে কারাগারে পাঠানো হয়নি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন