কুড়িগ্রামে চিরকুট লিখে বেকার এক যুবকের আত্মহত্যা
আনোয়ার সাঈদ তিতু,
কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় গলায় গামছা পেঁচিয়ে আবু কালাম (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
এরআগে একটি চিরকুটে তিনি লিখেছেন, ‘আমার মতো ছেলে পেয়ে তোমরা একটুও সুখী না, কারণ আমি বেকার’...।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার দলদলিয়া ইউনিয়নের সুইজগেট বাজার সংলগ্ন গণক পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু কালাম ওই এলাকার মোহাম্মদ গোলজার আলীর একমাত্র ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতে নিজ ঘরে ঘুমাতে যান আবু কালাম। রাত আনুমানিক ৩টার সময় সেহরি খাওয়ার জন্য তার মা তাকে ডাকতে যান। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখা যায়, কালাম গলায় গামছা পেঁচিয়ে ঝুলে আছেন। তৎক্ষণিক তাকে উদ্ধার করে নিচে নামানো হলে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে বেকারত্ব ও মানসিক চাপে ভুগছিলেন ওই যুবক। আত্মহত্যার আগে তিনি পরিবারের উদ্দেশে একটি আবেগঘন চিরকুট লিখে যান। চিরকুটে তিনি লেখেন—“প্রিয় পরিবার, আমি অনেক ভাগ্যবান যে তোমাদের মতো পরিবার পেয়েছি।
কিন্তু আমার মনে হয়, আমার মতো ছেলে পেয়ে তোমরা একটুও সুখী না। কারণ আমি বেকার। সারাজীবন শুধু তোমাদের ওপর নির্ভর করেছি, কখনও তোমাদের জন্য কিছু করতে পারিনি। তোমরা সবাই আমাকে মাফ করে দিও। আমার জন্য দোয়া করিও। আর আমি দোয়া করি, আমার মতো ছেলে যেন কোনো পরিবারে জন্ম না নেয়।
এ ঘটনায় এলাকায় লোকের ছায়া নেমে আসে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন