কুড়িগ্রামে বিএনপি নেতার মামলায় বৈষম্যবিরোধী নেতা জেলহাজতে
আনোয়ার সাঈদ তিতু,
কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের রাজারহাট আমলি আদালতের বিচারক মোঃ মমতাজুল করিম এ আদেশ দেন। কারাগারে পাঠানো ওই নেতার নাম মোঃ হাসান জিহাদী।
তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক। রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবোত্তর গ্রামের মোঃ রাজিকুল ইসলামের ছেলে।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ১৪ ফেব্রুয়ারি রাতে হাসান জিহাদী ও তার সমর্থকরা রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলামের বাড়িতে হামলা চালান বলে অভিযোগ করা হয়।
এ সময় বসতবাড়ির টিনের বেড়া ভাঙচুর এবং নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনাও উল্লেখ করা হয়। ঘটনার পর শহিদুল ইসলাম রাজারহাট থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসেবে নথিভুক্ত করে। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন মোঃ হাসান জিহাদীর সমর্থকরা।
তাদের দাবি, ১৪ ফেব্রুয়ারি রাতে শহিদুল ইসলাম ও তার লোকজন উচ্চ শব্দে গান বাজাচ্ছিলেন। এতে এলাকাবাসী, বিশেষ করে বয়স্ক ব্যক্তি ও শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন। এ সময় হাসান জিহাদী উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করলে উল্টো তার ওপর হামলা চালানো হয়। পরে ঘটনাটি ভিন্ন খাতে নিতে নিজ বাড়ির আসবাবপত্র এলোমেলো করে তাদের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা করা হয়েছে বলে দাবি করেন তারা।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল ওয়াদুদ বলেন, নির্বাচনের পরবর্তী বিরোধকে কেন্দ্র করে শহিদুল ইসলাম হাসান জিহাদীসহ প্রায় ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
রোববার হাসান জিহাদী আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন