কুড়িগ্রাম টিটিসি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষের অনিয়মের বিরুদ্ধে প্রশিক্ষণার্থীদের মানববন্ধন
আনোয়ার সাঈদ তিতু,
কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রামে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি)-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সৈয়দ মোঃ রেজাউল করিমের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন প্রশিক্ষণার্থী, ভুক্তভোগী এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
দ্রুত তাকে অপসারণ করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাব-এর সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থী ও স্থানীয়রা অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ রেজাউল করিম দুর্নীতির সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন-এ মামলাও রয়েছে।
তারা দাবি করেন, ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে অর্থ আত্মসাৎ, চুক্তিভিত্তিক কর্মচারীদের বিনা কারণে বরখাস্ত, টেন্ডার জালিয়াতি এবং প্রশিক্ষণের স্বাভাবিক পরিবেশ নষ্ট করার মতো একাধিক অনিয়মে তিনি জড়িত। বক্তব্য রাখেন জাপানি ভাষা ট্রেডের প্রশিক্ষণার্থী লিটন হোসেন, স্বাধীন ইসলাম এবং ড্রাইভিং ট্রেডের প্রশিক্ষণার্থী শাকিব হোসেনসহ আরও অনেকে। অভিযোগে বলা হয়, ত্রুটিপূর্ণ টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানের পাঁচটি ট্রেডের প্রায় সাড়ে ১২ লাখ টাকার মালামাল ক্রয় না করেই আত্মসাৎ করা হয়েছে।
এছাড়া টেন্ডার প্রক্রিয়ায় সরবরাহকারীর কাছ থেকে গ্রহণ করা ২০ লাখ টাকার জামানতের চেক ফেরত দিতে টালবাহানা করার অভিযোগ রয়েছে। এ ঘটনায় ঠিকাদার হুমায়ুন কবীর সংশ্লিষ্ট বিষয়ে দুদক ও আদালতে মামলা করেছেন বলে জানানো হয়।
আরও অভিযোগ করা হয়, ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ৭-৮ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে এবং অবৈধ অর্থ সুবিধা না দেওয়ায় কয়েকজন কর্মচারীকে বেআইনিভাবে চাকরিচ্যুত করা হয়। পরবর্তীতে ওই শূন্যপদে নতুন নিয়োগের মাধ্যমে অর্থ লেনদেনের অভিযোগও ওঠে।
মানববন্ধনকারীরা বলেন, অবিলম্বে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অপসারণ করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
তবে এ বিষয়ে অভিযুক্ত অধ্যক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন