হাতীবান্ধায় মানব কল্যাণ পরিষদের উদ্যোগে অসহায় ভ্যানচালককে নতুন ভ্যান উপহার
মোঃ শাহজাহান আলী শামীম
জেলা প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক অসহায় ভ্যানচালকের পাশে দাঁড়িয়েছে স্থানীয় সামাজিক সংগঠন “হাতীবান্ধা মানব কল্যাণ পরিষদ”। সংগঠনটির মানবিক উদ্যোগে ভ্যানচালক মোঃ এছামুন্দিন হোসেনকে একটি নতুন ভ্যান উপহার দেওয়া হয়েছে।
জানা যায়, উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা এছামুদ্দিন হোসেনের জীবিকার একমাত্র অবলম্বন ছিল তার ভ্যান। প্রায় ১৫ দিন আগে গভীর রাতে তার বাড়ি থেকে ভ্যানটি চুরি হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে ভ্যান না পেয়ে তিনি দিশেহারা হয়ে পড়েন। ৭ সদস্যের পরিবার নিয়ে তিনি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েন।
ঘটনাটি জানার পর হাতীবান্ধা মানব কল্যাণ পরিষদের সেক্রেটারি মেহেদি হাসান মানিক দ্রুত তার খোঁজখবর নেন এবং তাকে সহযোগিতার আশ্বাস দেন। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় গত ২৫ এপ্রিল (রবিবার) সংগঠনটির পক্ষ থেকে তাকে একটি নতুন ভ্যান উপহার প্রদান করা হয়।
ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেদি হাসান মানিক, মোঃ লিটন হোসেন, মোঃ মাহাবুব ইসলাম, মোঃ শাহাবুদ্দিন ইসলাম সুমন এবং মনোয়ার হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
নতুন ভ্যান পেয়ে এছামুদ্দিন হোসেন আনন্দ প্রকাশ করেন এবং মানব কল্যাণ পরিষদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এই সহায়তা তার পরিবারকে নতুন করে বাঁচার আশা জুগিয়েছে।
এ সময় মেহেদি হাসান মানিক বলেন, “মানব কল্যাণ পরিষদ সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর। যারা আমাদের এই সামাজিক কার্যক্রমে আর্থিকভাবে সহযোগিতা করছেন, তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।
স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন