সরকারকে বলব, গণভোটের রায় বাস্তবায়ন করুন: নাহিদ ইসলাম
গণভোটের রায় বাতিলে আদালতকে ব্যবহার করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ সোমবার দলের চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নগরের পাঁইলাইশে একটি কমিউনিটি সেন্টারে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপিকে ইঙ্গিত করে নাহিদ বলেন, আদালতকে ব্যবহার করা হলে পরিস্থিতি করুণ হবে। সরকারকে বলব, গণভোটের রায় বাস্তবায়ন করুন।
এনসিপি আহ্বায়ক বলেন, এনসিপি ও ফ্যাসিস্ট কখনও একসঙ্গে থাকতে পারে না। যেখানে এনসিপি থাকবে, যদি ১০ জন নেতাকর্মীও থাকে, সেখানে আওয়ামী লীগের কোনো অফিস খোলা যাবে না। আমরা আধিপত্যের বিরুদ্ধে। শুধু ইন্ডিয়া নয়, সব আধিপত্যের বিরুদ্ধে।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা খলিলুর রহমানকে বিএনপি সরকারে পররাষ্ট্রমন্ত্রী করায় কঠোর সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারে একজনকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এটা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পুরস্কার কিনা তা তাদের স্পষ্ট করতে হবে।
এনসিপি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, নাসীরুদ্দিন পাটওয়ারী।
বিএনপিকে উদ্দেশ্য করে আখতার হোসেন বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান ও গণভোটের বাইরে যাওয়ার চেষ্টা করবেন না। তাতে পরিণতি ভালো হবে না।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, দুটি শপথ। একটি সংসদের, আরেকটি সংবিধান সংশোধনের। শহীদদের শ্রদ্ধা করতে পোষণ হলে যেদিন পার্লামেন্ট বসবে, সেদিন শপথ নিয়ে বিএনপিকে সংবিধান সংশোধন করতে হবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন