৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ, শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
জ্বালানি তেল পরিবহনের সময় তিন শ্রমিককে কারাদণ্ড ও জরিমানা করার প্রতিবাদে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে। রবিবার (২৯ মার্চ) সকাল থেকে এই কর্মসূচি পালন করা হচ্ছে, যার ফলে উত্তরাঞ্চলের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে।
দিনাজপুর জেলার পার্বতীপুরে অবস্থিত রেলহেড অয়েল ডিপো থেকে সকাল ৮টা থেকেই জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিসির আওতাধীন পদ্মা, মেঘনা ও যমুনা অয়েলের পার্বতীপুর ডিপোর ইনচার্জ মো. আহসান হাবিব।
শ্রমিকদের দাবি, সম্প্রতি নীলফামারী জেলায় একটি তেলবাহী লরি যান্ত্রিক ত্রুটির কারণে থামিয়ে মেরামতের সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভূঁইয়া। এ সময় গাড়ির কেবিনে থাকা ১০ লিটার পেট্রল ও ২ লিটার ডিজেল উদ্ধারের অভিযোগে চালক, সহকারী ও ম্যানেজারকে ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়।
এই ঘটনার প্রতিবাদে শ্রমিকরা কর্মবিরতি শুরু করে এবং পার্বতীপুর ডিপোর সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। তাদের অভিযোগ, সড়কে নিয়মিত পুলিশি হয়রানি ও অযৌক্তিক শাস্তির বিরুদ্ধে তারা এই আন্দোলনে নেমেছেন।
রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দণ্ডপ্রাপ্ত শ্রমিকদের নিঃশর্ত মুক্তি এবং সংশ্লিষ্ট কর্মকর্তার অপসারণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে, পেট্রল পাম্প মালিকরাও শ্রমিকদের এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন