মান্দায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, মানববন্ধনে ক্ষোভ প্রকাশ এলাকাবাসীর
আল আমিন
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলায় একটি সড়ক নির্মাণকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বালুবাজার মোড় থেকে হাটোর স্কুল মাঠ পর্যন্ত চলমান পাকাকরণ কাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
রবিবার (১২ এপ্রিল) হাটোইর স্কুল সংলগ্ন সড়কে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তারা সড়ক নির্মাণের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কাজে নিম্নমানের ইট, বালু ও খোয়া ব্যবহার করা হচ্ছে। শুরু থেকেই তদারকির ঘাটতি থাকায় ঠিকাদার প্রতিষ্ঠান মান বজায় না রেখেই কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ তাদের। এতে করে নতুন নির্মিত সড়কটি টেকসই হবে না বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে কাজের মান নিশ্চিত করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
এদিকে অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট ঠিকাদার মনিরুজ্জামান। তার দাবি, নির্ধারিত সিডিউল অনুযায়ীই কাজ এগোচ্ছে এবং উপজেলা প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধানে সব কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি অভিযোগ করেন, একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মান্দা শাখার উপ-সহকারী প্রকৌশলী শাহিন আলম বলেন, কাজ নিয়ম মেনেই হচ্ছে বলে তাদের জানা আছে। তবে অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভিডিও নিউজ পড়তে ক্লিক করুন : https://youtu.be/Wbzh3b0pptI
বিজ্ঞাপন
বিজ্ঞাপন