রংপুরে স্বরশৈলী‘র ৪৫তম ব্যাচের প্রশিক্ষণ উদ্বোধন
স্বরশৈলী আবৃত্তি, উপস্থাপন ও বিতর্ক চর্চা কেন্দ্রের ৪৫তম ব্যাচের ছয় মাসব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
এ উপলক্ষ্যে ২৪শে জানুয়ারি ২০২৬ শুক্রবার সকাল সাড়ে দশটায় রংপুর নলেজ কেয়ার একাডেমিতে স্বরশৈলীর কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বরশৈলীর পরিচালক, বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম।অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাহিত্যিক, গবেষক, আবৃত্তিকার আনওয়ারুল ইসলাম রাজু, প্রফেসর মোতাহার হোসেন সুজন, বাচিক শিল্পী, বেতার ব্যক্তিত্ব জোবায়েদ হোসেন পলাশ, সংগঠক নুরুল আমিন মিলন শেখ, আবৃত্তিকার ফরহাদ শাহ, বেতারের খবর পাঠক, শিক্ষক আব্দুছ ছালাম প্রমুখ।স্বাগত বক্তব্য রাখেন আবৃত্তি প্রশিক্ষক মাজেদুল ইসলাম।
পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন জাহাঙ্গীর আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবৃত্তিকার আইরিন ও মনীষা। আবৃত্তি পরিবেশন করেন গোলাপ, তানিশা, আইরা।উদ্বোধনী অনুষ্ঠানে এবার শিক্ষা সপ্তাহে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করায় ফুলেল শুভেচ্ছা জানানো হয় স্বরশৈলীর সাবেক শিক্ষার্থী জয় লালাকে।
আবৃত্তি, উপস্থাপন ও বিতর্ক চর্চায় তরুণদের মনোযোগী হবার আহ্বান জানান সভাপতি ও আলোচকবৃন্দ। প্রশিক্ষণ সূচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবৃত্তি প্রশিক্ষক আবৃত্তিকার মেহেদি মাসুদ।
ছয় মাসব্যাপী প্রশিক্ষণে শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি, উপস্থাপন, বিতর্ক, ধ্বনিতত্ত্ব, ছন্দ, রস প্রভৃতি বিষয়ে শেখানো হবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন