স্টাফ রিপোর্টারশাহজাহান আলী শামীম
লালমনিরহাট-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের জনসভায় হামলা ও গাড়ি বহরে ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) লালমনিরহাট-২ আসনের সাপ্টিবাড়ী বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে দাঁড়িপাল্লা প্রতীকের জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু। এছাড়াও স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের একাধিক দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, জনসভা চলাকালীন মাঝপথে নেতাকর্মীদের গাড়ি বহরে পরিকল্পিত ভাবে হামলা চালানো হয়। বক্তারা জানান, কিছু দুর্বৃত্ত বেশ কয়েকটি মোটরসাইকেলের যন্ত্রাংশ খুলে নেয় এবং একাধিক মোটরসাইকেলের হেডলাইট ভেঙে দেয়। এতে জনসভায় অংশগ্রহণকারী নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বক্তারা বলেন, “এই হামলা রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী। শান্তিপূর্ণ জনসভা ও মত প্রকাশের অধিকারকে বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে এ ভাঙচুর চালানো হয়েছে।”
তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেন।এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।