মোঃ আবু নাসের লিটন
তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি :
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মহসিন আলী প্রধান আর নেই।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি, ২০২৬) রাত ১টা ৩০ মিনিটে বাংলাবান্ধা ধাইজান গ্রামস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি বহু গুণগ্রাহী এবং আত্মীয়-স্বজন রেখে গেছেন।
তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট তানভীরের পিতা। মরহুম মহসিন আলী প্রধান বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এলাকার উন্নয়ন ও জনসেবায় তার দীর্ঘ অবদান রয়েছে। নামাজে জানাজা ও দাফন: আজ বিকেল ৩ ঘটিকায় স্থানীয় ধাইজান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে মরহুমের কফিনে পুলিশের একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে এবং বিউগলে বেজে ওঠে করুণ সুর। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে এই বীর সন্তানের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। জানাজায় পঞ্চগড় জেলার শীর্ষস্থানীয় সকল রাজনৈতিক দলের নেতা-কর্মী, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং সর্বস্তরের সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।